গোয়ালন্দে পাঁচদিন ধরে যুবক নিখোঁজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:২০
রাজবাড়ীর গোয়ালন্দে ইবাদুল শেখ নামের এক যুবক পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার উত্তর উজানচর নতুনপাড়া গ্রামের মোসলেম শেখের ছোট ছেলে। অজ্ঞাত স্থান থেকে একাধিকবার ফোনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানালেও এখনো পুলিশ তার কোন সন্ধান পায়নি। নিখোঁজ মো. ইবাদুল শেখের বড় দুই ভাই আবু বক্কর ছিদ্দিক ও আমির শেখসহ পরিবারের সদস্যরা জানান, গত রবিবার সকালে খাওয়া-দাওয়া সেরে বাড়ি থেকে বাইরে বের হয়ে যায় ইবাদুল। এরপর আর ফিরে আসেনি। পরদিন সোমবার বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে প্রায় চারবার অজ্ঞাত স্থান থেকে ইবাদুলের মুঠোফোন দিয়ে অজ্ঞাত ব্যক্তি প্রতিবেশী সুলতান ও আলমগীর জানান, মেহেরপুর সদর এলাকার একটি ফাঁকা জায়গায় চারটি গুলি করে ইবাদুলকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। ওইদিন পরিবারের লোকাজন তার সন্ধান না পেয়ে পরদিন থানায় বড় ভাই আনোয়ার হোসেন একটি সাধারণ ডায়রি করে। কিন্তু এখন পর্যন্ত তার কোন সন্ধান না মেলায় ছেলে হারানোর শোকে বৃদ্ধ মা ও বাবা দুইজনই অসুস্থ হয়ে পড়েছে। ইবাদুল তার বাবার সাথে সংসারে কৃষি কাজে সম্পৃক্ত ছিল। গোয়ালন্দ ঘাট থানার এএসআই মো. শাহিন জানান, গুলি করে হত্যার সংবাদটি পাওয়ার পর মেহেরপুর সদর থানাসহ আশপাশের থানাগুলোতেও খোঁজ-খবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়নি।