দিনাজপুরে ডিসপেনসারি উদ্বোধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর সংবাদদাতা \ সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিনামূল্যে চিকিত্সার জন্য দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা কার্যালয়ে সশস্ত্রবাহিনী বোর্ড মেডিক্যাল ডিসপেনসারি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাসুনিয়াপট্টিস্থ কার্যালয়ে এই ডিসপেনসারির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সশস্ত্রবাহিনী বোর্ডের সচিব স্কোয়াড্রন লিডার আবুল কালাম আজাদ, সাবেক সচিব ক্যাপ্টেন (অব.) হাফিজুর রহমান প্রমুখ
মাগুরায় প্রদর্শনী ও মাঠ দিবস
মাগুরা প্রতিনিধি \ বুধবার মাগুরার বটিকাডাঙ্গা গ্রামে ভালো ফলন ও অধিক উত্পাদনের লক্ষ্যে উন্নতমানের ধান বীজ নিয়ে প্রদর্শনী ও মাঠ দিবস বটিকাডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয়। শস্য উত্পাদন বিশেষজ্ঞ সত্যরঞ্জন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোখলেছুর রহমান, শস্য উত্পাদন বিশেষজ্ঞ সিরাজুল ইসলাম, মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী, ইরির ফিল্ড মনিটরিং অফিসার আজিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ, স্থানীয় কৃষক জীবন কৃষ্ণ বিশ্বাস, বিনয় বিশ্বাস প্রমুখ।
ধুনটে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ
ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খায়রুল আনাম রেক্কাত হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ধুনটে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক।
গোপালগঞ্জে কৃষকের সমস্যা নিয়ে এ্যাডভোকেসি
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে সদর উপজেলার কৃষকের সমস্যা ও অধিকার নিয়ে এ্যাডভোকেসী ও মত বিনিময় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাউদান গণউন্নয়ন সমিতি (এস.জি.এস)। গত বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের গুড গভর্ন্যান্স ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রজেক্ট আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকল্প সমন্বয়কারী এস.এম সাজ্জাদ আহম্মেদ, প্রকল্পের ইউনিট ম্যানেজার শিপ্রা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শিকদার আঃ হান্নান রুনু, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজ ইকবাল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
মধুখালীতে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার মধুখালীতে দি নেদারল্যান্ডের লিলিয়ানা ফাউন্ডেশনের সহযোগিতায় ডি আর আর ও এসো জাতি গড়ি (এজাগ) এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৭৫ জন প্রতিবন্ধীর মাঝে বিভিন্ন শিক্ষা সহযোগী উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু। উপজেলা নির্বাহী অফিসার এস এম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা সুরাইয়া সালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকুর আহম্মেদ
পত্নীতলায় শীতবস্ত্র বিতরণ
নওগাঁ প্রতিনিধি \ ইসলামী ব্যাংক পত্নীতলা শাখার উদ্যোগে বুধবার উপজেলার তিনশ’ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফারসহ ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নেত্রকোনায় ‘মুক্তিযুদ্ধে নারী’ শীর্ষক সেমিনার
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার মুক্তমঞ্চে ‘মুক্তিযুদ্ধে নারী’ শীর্ষক এক সেমিনার মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খানের সভাপতিত্বে বুধবার রাতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও নারী সংগঠক বেগম রোকেয়া। মূল প্রবন্ধ পাঠ করেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফারজানা খানম মুক্তা। আলোচনা করেন মহিলা পরিষদ নেত্রী রেহেনা সিদ্দিকী, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।
রামগঞ্জে স্মরণসভা
রামগঞ্জ(লক্ষ্মীপুর)সংবাদদাতা\ রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম ওবায়েদুল হক স্মরণে রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা হয় । সমিতির কার্যালয়ে সাংবাদিক মনির হোসেন বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক ওবায়েদুল হকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাংবাদিক পাটওয়ারী হোসেন শরীফ, লক্ষণ মজুমদার, মো. সোহরাব হোসেন, মো. মিনহাজুল ইসলাম, মাঈন উদ্দিন রুবেল, সাফায়েত আহম্মেদ, মুক্তিযোদ্ধা আমিনুল প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ দীর্ঘ ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভুঁইয়া সভাপতিত্ব করেন। সম্মেলনে হাবিবুল্লাহ বাহারকে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
জগন্নাথপুরে বৃদ্ধার আত্মহত্যা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকার বাসিন্দা এক সন্তানের জননী ছায়েরা বিবি (৫০) নামের এক দরিদ্র বৃদ্ধা বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
দেবীগঞ্জে কর্মশালা
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও আমাদের করণীয় বিষয়ক একদিনের এক কর্মশালা বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এবং দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ যৌথভাবে কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক প্রধান অথিতি ছিলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ছিদ্দিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল হক সভাপতিত্ব করেন।
আখাউড়ায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিষয়ে মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ বুধবার আখাউড়ায় পোল্ট্রি খামারীও বিক্রেতাদের নিয়ে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিষয়ক জনসচেনতামূলক মতবিনিময় সভা হয়েছে। আখাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায়ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স প্রজেক্টের অর্থায়নে উপজেলার প্রায় ৫০ জন পোল্ট্রি খামারী ও বিক্রেতা এ সভায় অংশ নেয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইকতিয়ার উদ্দিন আহমেদ নাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বজলুর রশীদ।
জয়পুরহাটের কালাইয়ে কৃষক সমাবেশ
জয়পুরহাট প্রতিনিধি\ উন্নত জাতের বীজ আলু সংগ্রহ-সংরক্ষণ ও আধুনিক পদ্ধতিতে আলু চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশ ও র্যাফেল ড্র। প্রধান অতিথি ছিলেন আর.বি স্পেশালাইজড কোল্ড স্টোরের চেয়ারম্যান শিবশঙ্কর প্রসাদ। বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক ময়েন উদ্দিন, জিন্দাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান, পুনট ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, কালাই পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম, কৃষক এনামুল হক প্রমুখ।
ফরিদপুরে সশস্ত্র বাহিনীর ডিসপেনসারী উদ্বোধন
ফরিদপুর প্রতিনিধি\ বুধবার শহরের টেপাখোলা নিজস্ব কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে সশস্ত্র বাহিনী বোর্ড মেডিকেল ডিসপেনসারী । জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ এই ডিসপেনসারীর উদ্বোধন করেন।
এই ডিসপেনসারীর মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিত্সাসেবাসহ প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করা হবে। জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর (অবঃ) পঙ্কজ মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান, ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আব্দুল মান্নান ও মোঃ তেজারত আলী শেখ।
বাকৃবিতে অ্যালবাম সংরক্ষণের উদ্যোগ
বাকৃবি সংবাদদাতা\ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অনুষদের সাবেক ডীনবৃন্দের ছবি বাঁধাইসহ অ্যালবাম সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক, বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুলতান উদ্দিন ভূঞা, সভাপতিত্ব করেন কৃষি অনুষদের বর্তমান ডীন অধ্যাপক ড. মো. আব্দুল খালেক পাটোয়ারী।
সুন্দরগঞ্জে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি
সুন্দরগঞ্জ(গাইবান্ধা) সংবাদদাতা\ সুন্দরগঞ্জ উপজেলার হাজি দবির উদ্দিন কিন্ডার গার্টেনে বুধবার হতে নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সোসাইটির অধীনে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
ধুনটে বখাটে কারাগারে
ধুনট (বগুড়া) সংবাদদাতা\ ধুনটে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি মামলার পলাতক আসামী শাহ আলমকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার তারাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
হোসেনপুরে ইউপি জিপির কর্মশালা
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ২৬ ডিসেম্বর হোসেনপুর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রকল্পের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবেদন হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির স্বপন, আওয়ামী লীগ সভাপতি মোঃ আয়ুব আলী, জেলা আওয়ামী লীগ সদস্য আঃ কাইয়ুম খোকন প্রমুখ।
গাইবান্ধায় ভর্তি বাণিজ্যে প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি\ স্কুলে ভর্তি বাণিজ্য ও শিক্ষকদের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বুধবার গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট। বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মিহির ঘোষ, প্রগতিশীল ছাত্র জোটের নেতা মঞ্জুর আলম মিঠু, নিলুফার ইয়াসীমন শিল্পী প্রমুখ। বক্তারা বলেন, গাইবান্ধা সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির জন্য আগাম টিচিং পদ্ধতির দোহাই দিয়ে টাকা নেয়া হচ্ছে।
চাটমোহরে মতবিনিময়
চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা রোগ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম সামসুদ্দিন খবির। বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হলদার প্রমুখ।
ঈশ্বরগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা\ ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী হামিদা বেগম (৬০) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে আগুনে শীত নিবারণ করতে গিয়ে অসাবধানতাবশত হঠাত্ তার কাপড়ে আগুন ধরে যায়। তার আর্তচিত্কারে বাড়ির লোকজন অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
পিরোজপুরে স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ
পিরোজপুর অফিস\ পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জেলা এডভোকেসী সভা হয়। জেলা প্রশাসক অনল চন্দ দাসের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুল গনি, উপ-পরিচালক লুত্ফর রহমান, ডাঃ এইচ. পি সিকদার, ডাঃ ইদ্রীস আলী প্রমুখ।
