একই কার্ডে যেকোন ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে এনপিএসবি চালু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১১
যেকোন একটি ব্যাংকের কার্ড ব্যবহার করে অন্য যেকোন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে চালু হয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ, বাংলাদেশ (এনপিএসবি)। গতকাল বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে নতুন এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। আন্ত:ব্যাংক ইলেকট্রনিক লেনদেনসমূহের ক্লিয়ারিং ও নিষ্পত্তি করার নতুন এ মাধ্যম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, এসকে সুর চৌধুরী, নির্বাহী পরিচালক আহসান উল্লাহ ও দাশগুপ্ত অসীম কুমার উপস্থিত ছিলেন। পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হুমায়ুন কবীরের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন এবিবির চেয়ারম্যান নুরুল আমীন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম শিরীন, এনপিএসবির কারিগরি সহায়তা দানকারী প্রতিষ্ঠান ইনফোটেক গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক সুরেশ আগরেওয়াল ও চেয়ারম্যান নাসের এ আকতার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর বলেন, নতুন এ সেবা দেশে ই কমার্সের ব্যাপক প্রসার ঘটাতে সহায়তা করবে। নতুন এ সেবার বিভিন্ন উপকারিতা তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে অর্থনীতির ধূসর রং বদলে সাদা রঙে পরিণত হবে। কালো থেকে ধূসর ও ধূসর থেকে সাদা রঙে অর্থনীতি বদলাবে বলে তিনি জানান। ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, নতুন এ সেবা উদ্বোধনের মাধ্যমে আমরা নতুন যুগে প্রবেশ করলাম। প্রাথমিকভাবে তিনটি ব্যাংকের মাধ্যমে এ সেবা চালু হলেও আগামী এক মাসের মধ্যে বেশিরভাগ ব্যাংক এ সেবার আওতায় আসবে। এমনকি মাস্টার ও ভিসা কার্ড এ সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক এ সেবার অন্তর্ভুক্ত হয়েছে। পর্যায়ক্রমে খুব শিগগিরই অন্যান্য ব্যাংকও এ সেবার আওতায় আসবে। অনুষ্ঠানে বলা হয়, একই কার্ড ব্যবহারে সব ব্যাংক থেকে টাকা তুলার সুযোগ থাকায় তা খরচ কমাবে। এটা ব্যাংক ও গ্রাহকের জন্য সুবিধা অনেক বাড়াবে। নতুন এ সেবার আওতায় গ্রাহকরা মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধাও পাবেন।