সোনালী ব্যাংক থেকে হলমার্ক কায়দায় ঋণ জালিয়াতির ঘটনায় আরো ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৬টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব প্রতিষ্ঠানগুলো হচ্ছে নকশী নিট, টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিট, খান জাহান আলী সোয়েটার এবং ডিএন স্পোর্টস। এই পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট সাড়ে তিন শত কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ করা হচ্ছে। দুদক গতকাল বৃহস্পতিবার বিকালে এসব মামলার অনুমোদন দেয়। আগামী সপ্তাহে মামলা দায়ের হবে বলে দুদকের কর্মকর্তারা জানান। হলমার্কসহ এই ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ।
দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনুমোদন পাওয়া এই ২৬ টি মামলায় ৫টি প্রতিষ্ঠানের মধ্যে টি অ্যান্ড ব্রাদার্সের চেয়ারম্যান জিনাত ফাতেমা, ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ হাসান এবং পরিচালক তসলিম হাসান, প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান রাজা এবং দুই পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও এস এম মনিরুজ্জামান, নকশি নিটের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মালেক ও চেয়ারম্যান আমেনা বেগম, খান জাহান সোয়েটারের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল শেখ এবং প্রতিষ্ঠানের দুই পরিচালক মীর মো. শওকত আলী ও রফিকুল ইসলাম, ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, পরিচালক ফাহমিদার স্বামী শফিকুর রহমানকে আসামি করা হচ্ছে। এছাড়া এসব অর্থ আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংকের কর্মকর্তাদেরও আসামি করা হচ্ছে। ব্যাংকের এসব কর্মকর্তাদের অনেকেই হলমার্কের বিরুদ্ধে দায়ের করা জালিয়াতি মামলার আসামি হিসেবে রয়েছেন।
দুদক জানায়, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে টি অ্যান্ড ব্রাদার্স ৬০৯ কোটি টাকা, প্যারাগন ব্রাদার্স ১৪৬ কোটি, ডিএন স্পোর্টস ৩৩ কোটি, নকশী নিট ৬৬ কোটি ও খান জাহান আলী গ্রুপ ৫ কোটি টাকা আত্মসাত করেছে এমন অভিযোগ দুদকের কাছে ছিল। এ অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধানে এই ৫ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ শত কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে।
