মিলেমিশে কাজ করুন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৯
হরতাল অবরোধ হলে গাড়ি ভাঙচুর হয়। গাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষ হত্যা করা হয়। নিরীহ মানুষ কিংবা গাড়িওয়ালা তো কোনো দল করে না। তাদের গণতান্ত্রিক অধিকার পায়ে হেঁটে পথচলা। গাড়ি নিয়ে বের হওয়া। তাহলে হরতালকারীরা কেন গাড়ি ভাঙবে? কেনইবা জ্বালিয়ে দেবে গাড়ি? কেনইবা পিটিয়ে হত্যা করবে মানুষ? সেদিন এক বৃদ্ধ এ প্রসঙ্গে জানালেন, হরতালকারীরা গণতন্ত্রের কথা বলেন অথচ তারা অন্যের গাড়ি পুড়িয়ে দিয়ে গণতন্ত্রকে হত্যা করছে। তাহলে আজ যারা হরতাল করে গাড়ি জ্বালিয়ে দেয় মানুষ হত্যা করে তারা কোনোভাবে ক্ষমতায় গেলে তখন তাদের হাতে দেশের মানুষ কি নিরাপদে থাকতে পারবে? হরতাল অবরোধ মানেই জ্বালাও পোড়াও মানুষ পিটিয়ে হত্যা করা ইত্যাদি কত কী বীভত্স ঘটনার পুনরাবৃত্তি। হরতাল আহ্বানকারী শীর্ষ নেতারা এটা কেনইবা বুঝেও বুঝছেন না। তাই বলবো, হরতাল অবরোধ ছেড়ে মিলেমিশে কাজ করুন। অযথা হরতাল অবরোধের কর্মসূচি দিয়ে দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। লিয়াকত হোসেন খোকন, ঢাকা।