ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (সিইইউ) ওপেন সোসাইটি প্রাইজ ২০১৩-র জন্য মনোনীত হয়েছেন। মুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নীতিমালা নির্ধারণে তাঁর অবদান এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর নেতৃত্ব, মানবিক সহায়তা এবং উন্নয়নে দ্ব্যর্থহীন অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হচ্ছে। আগামী ১৩ জুন ২০১৩-তে হাঙ্গেরির বুদাপেস্তে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটির সমাবর্তনে এ পুরস্কার দেয়া হবে। দরিদ্র জনগোষ্ঠীর আইনগত ক্ষমতায়ন বিষয়ে সেখানে তিনি সমাবর্তন ভাষণ দেবেন। এর আগে স্যার ক্যারল পপার (১৯৯৪), ভাকলাভ হাভল (১৯৯৯), রিকার্ডো লাগোস (২০০৬), কারলা ডেল পনটি (২০০৭), কফি আনান (২০০৮), মার্টি আহতিসারি (২০০৯), লুইস আরবার (২০১০), প্রয়াত রিচার্ড সি হলব্রুক ও জেভিয়ার সোলানা (যুগ্মভাবে ২০১১) এবং অ্যারি নিয়ার (২০১২) সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (সিইইউ)-র ওপেন সোসাইটি প্রাইজ তিনি লাভ করেছেন।
ব্র্যাক দারিদ্র্যবিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নের লক্ষ্যে বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা ও ক্যারাবিয়ান অঞ্চলের দশটি দেশে তার কর্মসূচি পরিচালনা করছে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান অগণিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। গত চার দশকে বিশাল কর্মপরিসর ও বহুমাত্রিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে ব্র্যাক বিশ্বের সর্ববৃহত্ উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে।
সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ইউরোপে আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে একটি নতুন মডেল প্রবর্তন করে। সমকালীন অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মধ্য ইউরোপের এই প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং মানবাধিকার ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করে।
