এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৮৯৯। গত বছর এ সংখ্যা ছিলো ১৮৩১। এছাড়া কমেছে শতভাগ অনুত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। ২০১১ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা যেখানে ছিলো ১৪১, এ বছর সেখানে কমে দাঁড়িয়েছে ৮৫ তে।
জেএসসি ও জেডিসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভালো করেছে মাদ্রাসা বোর্ড। এ বছর ৯ হাজার ১২৫ মাদ্রাসার মধ্যে শতভাগ পাস করেছে দুই হাজার ১০২টির শিক্ষার্থী। যেখানে ২০১১ সালে মাদ্রাসা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছিলো মাত্র ৪টিতে। অন্যদিকে, আট শিক্ষা বোর্ডের ১৮ হাজার ৪৮৪ বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে দুই হাজার ৭৯৭ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিলো ১ হাজার ৮২৭।
বরিশাল বোর্ডে শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। এ বোর্ডের ১৬৩৭ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ বিদ্যালয়ের সংখ্যা ৫৯৯। গত বছর এ সংখ্যা ছিলো ৫৫৯। শতভাগ উত্তীর্ণ বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এই বোর্ডের চার হাজার ৫১০ প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ৫০২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া দিনাজপুর বোর্ডে ৪৭৬, কুমিল্লা বোর্ডে ৪১১, রাজশাহী বোর্ডে ৩৩৫, যশোর বোর্ডে ২৫৭, সিলেট বোর্ডে ১৫৯, চট্টগ্রাম বোর্ডে ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, শিক্ষা বোর্ডগুলোতে এবার শতভাগ অনুত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গত বছর এ সংখ্যা ছিলো ১৪১। এ বছর সে সংখ্যা ৮৫। আট সাধারণ শিক্ষা বোর্ডে এবার শতভাগ অনুত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫। গতবার যা ছিলো ১০৭। অন্যদিকে এবার শতভাগ অনুত্তীর্ণ মাদ্রাসার সংখ্যা ৩০। গতবার যা ছিলো ৩৪।
