নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সকল পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক আদেশে নোবিপ্রবির সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারী পদে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার পাশাপাশি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়টি নোবিপ্রবির ভিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সচিব, নোবিপ্রবির ট্রেজারার, নোয়াখালীর জেলা প্রশাসক, নোবিপ্রবির রেজিস্ট্রার, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, উপমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব ও অতিরিক্ত সচিবকে অবহিত করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া স্থগিতের বিষয়ে জানতে রবিবার সন্ধ্যা ৭টার দিকে ভিসি প্রফেসর ড. অহিদুজ্জামানকে মোবাইলে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি। পরে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক বলেন, মন্ত্রণালয়ের আদেশ রবিবার সন্ধ্যা পর্যন্ত তার হাতে পৌঁছেনি। তবে গতকাল সোমবার সকালে তিনি মন্ত্রণালয়ের আদেশ পেয়েছেন। তিনি আরো জানান, বিভিন্ন পদে ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া তারা পুরোপুরি শেষ করতে পারেননি। মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার আগে রিজেন্ট বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৭ জন কর্মকর্তা ও ৪৩ জন কর্মচারীকে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগ প্রাপ্তরা রবিবার কাজে যোগদানও করেছেন। অন্য ১১০ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
রেজিস্ট্রার মমিনুল হক বলেন, আজ (সোমবার) কেউ কাজে যোগ দেয়নি। সবাই স্বপদে যোগ দিয়েছে রবিবার।
