সাপের সঙ্গ না ছাড়লে আল্লাহর ওয়াস্তে রাজনীতি থেকে বিদায় নিন :ইনু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:৩৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সরাসরি বলেছেন তিনি সাপকে বিশ্বাস করেন কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। তিনি মানুষকে বিশ্বাস না করে সাপের সঙ্গে বসবাসের ঘোষণা দিয়েছেন। যিনি সাপের সঙ্গে বসবাস করতে চান তিনি গণতন্ত্র ও রাজনীতির অনুপযুক্ত। বেগম খালেদা জিয়ার উদ্দেশে ইনু বলেন, সাপের সঙ্গে বসবাস ছাড়তে না পারলে আল্লাহর ওয়াস্তে রাজনীতি থেকে বিদায় হওয়ার প্রস্তুতি নিন। একটি পত্রিকায় প্রকাশিত জামায়াতের আমীর মওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে করমর্দনের ছবি প্রসঙ্গে ইনু বলেন, একটি কূটনৈতিক অনুষ্ঠানে নিজামী আমার হাত ধরে বলেছিলেন যেন তার যুদ্ধাপরাধ মাফ করে দেই। জবাবে আমি বলেছিলাম, আমি মাফ করার কেউ না। আমি নিজামীর যে হাতে করমর্দন করেছিলাম সেই হাতে হাতকড়া পরাবার জন্য নিরন্তর সংগ্রাম করেছি। এখন সেই হাতে হাতকড়া পড়েছে। কিন্তু খালেদা জিয়া তাকে রাজনৈতিক মিত্র করেছেন।