সাভারে হলমার্কের দখলে থাকা ১০ একর জমি উদ্ধার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:৪০
অবশেষে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালি মৌজায় বিতর্কিত হলমার্ক গ্রুপের দখলে থাকা ১০ একর সরকারি সম্পত্তি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। হলমার্ক গ্রুপ কর্তৃপক্ষ সরকারি এ সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে নিজেদের দখলে নিয়েছিল। সকালে অভিযানকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদসহ শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়সূত্রে জানা যায়, হলমার্ক কর্তৃপক্ষ ২০০৮ সাল থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দিবৈলারপুর মৌজার ৫ দশমিক ৮০ একর খাস ও দশমিক ৫৮ একর অর্পিত সম্পত্তি এবং নন্দখালী মৌজার ৩ দশমিক ১৮ একর খাস ও প্রায় এক একর অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছিল। এই বিপুল পরিমাণ জমির কিছু অংশ সরকারি রাস্তা এবং বাকি অংশে বড় আকারের আধা পাকা স্থাপনা এবং আনসারের তল্লাশিচৌকি তৈরি করেছিল। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের একাধিক কর্মকর্তা বলেন, সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য হলমার্ক কর্তৃপক্ষকে বার বার নোটিস পাঠিয়েও ইতিপূর্বে কোনো ফল পাওয়া যায়নি। বরং হলমার্ক সরকারি রাস্তায় ফটক বানিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছিল।