অপহরণকারীর পরিবারের অপমান সইতে না পেরে আত্মহত্যা করা স্কুল ছাত্রী সাদিয়া আক্তার পিংকি জিপিএ-৫ পেয়েছে। রাজধানীর ধলপুর সিটি কলোনী স্কুলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল জানতে আসা পিংকির দাদা ওয়াদুদ ও খালা জেসমিন গতকাল বৃহস্পতিবার কান্নায় ভেঙ্গে পড়েন।
মেয়েকে হারিয়ে অসুস্থ হয়ে পিংকির বাবা বাবুল মিয়া বাসায় চিকিত্সাধীন। তার সঙ্গে গতকাল মোবাইলে যোগাযোগ করা হলে কাঁদতে কাঁদতে বলেন, ‘ভাই, আমার মাইয়্যাটা রেজাল্ট দেইখ্যা যাইতে পারল না। এই দুঃখ আমি কারে কমু...।’
পিংকি ধলপুর সিটি কলোনী উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। রাজধানীর মুগদার মান্ডায় অপহরণকারী রনির পরিবারের অপমান সইতে না পেরে গত ২৩ ডিসেম্বর সে আত্মহত্যা করে। এ ঘটনায় পিংকির বাবা বাদী হয়ে মুগদা থানায় আত্মহননের প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় রনির দুই বোন পান্না বেগম ও পাখি বেগমকে আসামি করা হয়। পুলিশ এখনও এই দুই আসামিকে গ্রেফতার করতে পারেনি।
