ভারতে আগামী দশ মাসে ডিজেলের দাম প্রতি লিটারে ১০ রুপি বাড়বে। কেরোসিনের দাম আগামী দুই বছরে বাড়তে পারে প্রতি লিটারে ১০ রুপি। চলতি অর্থ বছরে ডিজেল, রান্নার গ্যাস (এলপিজি) ও কেরোসিনে সরকারের ঘাটতি ধরা হয়েছে এক লাখ ৬০ হাজার কোটি রুপি। বিপুল পরিমাণ ভর্তুকি কমাতেই সরকার দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। খবর এনডিটিভির।
এর আগে গত সেপ্টেম্বরে ভারতে ডিজেলের দাম প্রতি লিটারে পাঁচ রুপি বাড়ানো হয়েছিল। তবে গত বছরের জুনের পর কেরোসিনের দাম আর বাড়ানো হয়নি। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো এখন প্রতি লিটার ডিজেল ৯.২৮ রুপি কম দামে বিক্রি করে। দশ মাসে প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ালে ডিজেলে আর ভর্তুকি দিতে হবে না। গতকালই এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী পাঁচ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৮ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। তবে গত তিন বছর ধরে প্রবৃদ্ধির হার ছয় শতাংশের নিচে রয়েছে। এসময় তিনি বলেন, জ্বালানি খাতে মূল্য সমন্বয় করে সরকারের ভর্তুকি সীমিত রাখা উচিত। দুর্ভাগ্যবশত ভারতে জ্বালানির দাম আন্তর্জাতিক দামের অনেক নিচে। অবশ্য এর ফলে বিদ্যুতের দামও অনেক কম। এখনই পুরোপুরি মূল্য সমন্বয় করা সম্ভব নয়, তবে ধাপে ধাপে সমন্বয় করা জরুরি।
