ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চিত্রী গ্রামে সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়াম্যান সমর্থকদের মধ্যে গত বুধবার সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হাছান মিয়া (৪৫) গতকাল বৃহস্পতিবার মারা গেছে। এই নিয়ে এ ঘটনায় আরো তিনজনের মৃত্যু হলো। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকালে অন্তত ৩০টি বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর চালানো হয়।
জানা গেছে, উপজেলার চিত্রী গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শিশু এবং বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপ মিয়ার লোকজনের মধ্যে গত বুধবার সন্ধ্যায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। আশংঙ্কাজনক অবস্থায় লাকি বেগম, বাচ্চু মিয়া, আলেক মিয়া ও হাছান মিয়াকে ঢাকায় পাঠানো হলে গতকাল সকালে হাছান মিয়া মারা যান। এ নিয়ে সংঘর্ষে মৃতের সংখ্যা ৩। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকালে অন্তত ৩০টি বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর চালানো হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফুয়াদ লোহানী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহিউর রহমান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
