ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন আবদুল হাকিম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:৪২
কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষকদের আন্দোলনের মুখে মেয়াদ শেষ হবার আগেই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক আবদুল হাকিম সরকারকে নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুমোদন শেষে গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ১১২ জনকে নিয়োগ দেয়ার ক্ষেত্রে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ এম শাহজাহান আলীর বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ে প্রায় চার মাস ধরে অচলাবস্থা বিরাজ করছিল।