বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন নারী নির্যাতন মুক্ত মডেল ভিলেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই ইউনিয়নে মানবাধিকার কর্মীরা গত ৮ বছরের মধ্যে ৬ বছর পর্যবেক্ষণে কোন পরিবার কোর্ট, থানা ও ইউনিয়ন পরিষদে নারী নির্যাতন মামলা ও সালিশ ব্যবস্থা না হওয়ায় বরগুনা জেলা ফারিয়ালারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কথা সাহিত্যিক ও বাংলাদেশ মানবাধিকার কর্মী ড. সেলিনা হোসেন গত শুক্রবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সামনে এক গণ-সমাবেশে এ ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, ২০০৪ সালে তার সংগঠন দৃষ্টান্ত স্থাপনের জন্য পাথরঘাটার এই ইউনিয়নটি বেছে নিয়েছিল। এবং ওই ইউনিয়নের জনপ্রতিনিধি, এলাকার বিশিষ্ট গুণীজনদের সহযোগিতায় সচেতন নাগরিক পরিষদের (সনাপ) সভাপতি নারী নেত্রী সালমা সাহান বিউটির কঠোর পরিশ্রমের কারণে তারা আজ নারী নির্যাতন মুক্ত মডেল ভিলেজ হিসাবে ইউনিয়নটি তৈরি করতে পেরে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। তিনি বলেন, এভাবে যদি বাংলাদেশের জিও এনজিও গুলো দৃষ্টান্ত স্থাপনের জন্য নিরলস কাজ করে যায় তা হলেই দেশে ডিজিটাল বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করা সম্ভব।
গণ-সমাবেশে (সনাপ) সভাপতি নারী নেত্রী সালমা সাহান বিউটির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফারিয়ালারা ফাউন্ডেশনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ফারিয়ালারা ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, সনাপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন নাহিদ।
