ট্রম ফাউন্ডেশন বাংলাদেশ সংস্থার সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা আরডিআরএস -এর আদিবাসী ক্ষামতায়ন প্রকল্পের উদ্যোগে ২৩ ডিসেম্বর দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভা চত্বরে আদিবাসী শিখন সহভাগিতা কিশোরী মেলা অনুষ্ঠিত হয়।
আরডিআরএস সংস্থার আদিবাসী ক্ষামতায়ন প্রকল্পের সমন্বয়কারি রেজানুল হক রেজার সভাপতিত্বে আয়োজিত আদিবাসী কিশোরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র আনিছুর রহমান, আরডিআরএস সংস্থার সিনিয়র ব্যবস্থাপক হাফিজুর রহমান, উপজেলা ব্যবস্থাপক মেজবা উর রশিদ, সহ-ব্যবস্থাপক সাইফুল ইসলাম মানিক প্রমুখ।
মেলার শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং আদিবাসী কিশোরীদের নৃত্য, সঙ্গীত ও বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরডিআরএস সংস্থার উপজেলা সহ-ব্যবস্থাপক সাইফুল ইসলাম মানিক বলেন, আরডিআরএস সংস্থার আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে শিখন সহভাগিতা মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০০১ সাল থেকে এ প্রকল্পটি চালু রয়েছে। প্রথম দিকে কিশোরী সংলাপ দিয়ে শুরু হয় তা এক বছরে শেষ হয়। পরে কিশোরী বাগান নামে একটি ফোরাম গঠন করা হয় এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মাসিক সভা, উঠান বৈঠক, র্যালী, নাটক, সুধি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সব কার্যক্রম এলাকায় প্রশংসিত হওয়ায় এখন কিশোরীরা বাল্য বিবাহ, যৌতুক, তালাক, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারসহ বিভিন্ন প্রকার সামাজিক আন্দোলনে সম্পৃক্ত থেকে সক্রিয় ভূমিকা রাখছে। এসব কর্মকাণ্ডের ভিত্তিতেই ফুলবাড়িতে আদিবাসী কিশোরী মেলার আয়োজন করা হয়েছে।
