ইত্তেফাক রিপোর্ট
বাংলা সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা সিরাজ উদ দৌলা সিনেমার ‘গোলাম হোসেন’ খ্যাত আনিস আহমেদ আর নেই। গত রবিবার রাতে তিনি ঢাকায় তার টিকাটুলির বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রয়াত আনিসের জামাতা আলাউদ্দিন শিমুল জানান, অভিনেতা আনিস রবিবার রাত ১১টায় বাসায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
গতকাল সকালে টিকাটুলি জামে মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হয় এফডিসিতে। এফডিসিতে দুপুর সোয়া বারোটায় দ্বিতীয় জানাজা শেষে শিল্পীর মরদেহ ফেনীর দাগনভুঁইয়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে বাদ আসর তাঁকে দাফন করা হয়।
১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে কৌতুক অভিনেতা আনিসের চলচ্চিত্রে অভিষেক হয়। ছবিটি মুক্তি পায়নি। পরের বছর তাঁর অভিনীত ছবি ‘এই তো জীবন’ মুক্তি পায়। এরপর থেকে প্রায় আড়াইশ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। ‘সিরাজ উদ দৌলা’ ছবিতে তিনি গোলাম হোসেনের ভূমিকায় অভিনয় করে প্রশংসা লাভ করেন। এর আগে আনিস মঞ্চ নাটকে অভিনয় করে খ্যাতিলাভ করেন। তাছাড়া বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’ এ নিয়মিত কৌতুক পরিবেশন করেন তিনি।
