প্রত্যেক জেলায় বর্ধিত সভা করবে আওয়ামী লীগ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:৫১

পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না ফখরুল : হানিফ

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রত্যেক জেলায় বর্ধিত সভা করবে আওয়ামী লীগ। আর এ বর্ধিত সভার মাধ্যমে থানা, উপজেলা ও জেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হবে। সম্মেলনের মাধ্যমে তৃণমূলে নতুন নেতৃত্ব নির্বাচিত করবে ক্ষমতাসীন দলটি। গতকাল বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে খুলনা বিভাগের আওতাধীন জেলাগুলোর বর্ধিত সভার তারিখ চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনকে সামনে রেখে খুলনা বিভাগের প্রত্যেক জেলা ও উপজেলায় দলকে সুসংগঠিত করতে এ যৌথসভার আয়োজন করা হয়।

বৈঠকের শুরুতে সূচনা বক্তৃতায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপির সব কার্যক্রম লন্ডন থেকে পরিচালিত হয়। সেখান থেকে সবুজ সংকেত না মেলায় এবং পদ হারানোর ভয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে শপথ নিচ্ছেন না।

ইপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।

খুলনা বিভাগের জেলাগুলোতে

বর্ধিত সভার তারিখ

এদিকে আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই বিভাগের সব জেলা, মহানগর, উপজেলা এবং ইউনিয়ন বা ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী শনিবার থেকেই খুলনা বিভাগের জেলা ও মহানগরগুলোতে বর্ধিত সভা শুরু হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে শনিবার মাগুরা, ৫ মে সাতক্ষীরা, ১১ মে চুয়াডাঙ্গা, ১২ মে যশোর, ১৩ মে নড়াইল, ১৪ মে মেহেরপুর, ১৮ মে খুলনা মহানগর, ১৯ মে খুলনা জেলা, ২০ মে কুষ্টিয়া, ২১ মে ঝিনাইদহ জেলা কমিটির বর্ধিত সভার তারিখ নির্ধারণ হয়। এসব বর্ধিত সভা থেকে সম্মেলনের তারিখ নির্ধারণ হবে।