রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল কক্ষে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার বার্ষিক ফলাফল ঘোষণার নির্ধারিত তারিখ ছিল। প্রকাশ, ২০ ডিসেম্বর বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়। এতে প্রধান শিক্ষকের পক্ষে কোন প্রতিনিধি নির্বাচিত না হওয়ায় প্রধান শিক্ষক বেকায়দায় পড়ে যান। এ অবস্থায় গত ২৫ ডিসেম্বর বিদ্যালয়ে পুলিশ নিয়ে তিনি তার কক্ষে ঢুকে নির্বাচিত কোন প্রতিনিধি ছাড়াই ইচ্ছা মতো কমিটি গঠনের মৌখিক সিদ্ধান্ত প্রদান করে স্কুলে তালা লাগিয়ে চলে যান।
এ অবস্থায় অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী শিক্ষকের এহেন কর্মকাণ্ডের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন। বৃহস্পতিবার স্কুল খোলার দিন নতুন কমিটি গঠন ও পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখে প্রধান শিক্ষক স্কুলে না আসায় এলাকাবাসীর ক্ষোভের বহি:প্রকাশ ঘটে। এর মধ্যে নির্বাচিত প্রতিনিধি এবং স্কুলের ১০ জন শিক্ষক স্কুলে এসে এ অবস্থা দেখে বিস্মিত হন। পরে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি ও এলাকাবাসী সমন্বয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে লোকমান মিয়া, বিদ্যুত্সাহী সদস্য আমিনুল হক লিটন এবং অভিভাবক সদস্য হিসেবে মোঃ বদরুজ্জামান, মোঃ মজনু মিয়া, মোঃ শহিদুল্লাহ ভুঁইয়া, মোসাঃ কুলছুম বেগম এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে নূর মহল বেগমের নাম ঘোষণা করা হয়।
