সেরা ওয়ার্ডের জন্য মেয়র ও মুজিব বর্ষ অ্যাওয়ার্ড ঘোষণা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সেরা ওয়ার্ডের জন্য এখন থেকে প্রতি বছর মেয়র অ্যাওয়ার্ড প্রদান করা হবে। তাছাড়া সর্বোত্তম নাগরিক সেবা প্রদানকারী ওয়ার্ডের জন্য ২০২০ সালে দেওয়া হবে ‘মুজিব বর্ষ অ্যাওয়ার্ড’। মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা প্রদানে উত্সাহ বাড়াতে এই পুরস্কার দেওয়া হবে। গতকাল সোমবার গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় মেয়র আতিকুল ইসলাম এই ঘোষণা দেন।

মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। এ লক্ষ্যে ডিএনসিসির প্রতিটি অঞ্চল ও ওয়ার্ডে জনগণকে সম্পৃক্ত করে মতবিনিময়, অবহিতকরণ সভা ও প্রচারণা চালানো হবে।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে শতকরা ৯০ ভাগ কাজ জনগণের। মেয়রকে সবাই সহযোগিতা করলে এডিস মশা নিয়ন্ত্রণে রাখা যাবে। আমাদের তরুণ সমাজসহ সবাইকে এতে সম্পৃক্ত করতে হবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিষয়ে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়বৃন্দ ডিএনসিসির পাশে থাকবেন বলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান মতবিনিময় সভায় জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মনিরুজ্জমান, কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী, মশা গবেষক অধ্যাপক কবিরুল বাশার, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মিরজাদা সেবরিনা ফ্লোরা, গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদ আখতার হোসেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্যানেল মেয়র জামাল মোস্তফা, কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন প্রমুখ।