শুক্রবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া নামক স্থানে যাত্রীবাহী দু’বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও অপর ৩০ জন গুরুতর আহত হয়েছে। বাস দু’টি দুমড়ে মুচরে মহাসড়কের ওপর পড়ে আছে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। নিহত দু’জন মধ্য বয়সী। তবে তাত্ক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। মাওয়া থেকে ঢাকাগামী ডিএম পরিবহন ও মাওয়াগামী ইলিশ পরিবহনের মধ্যে এই সংঘর্ষ হয়।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতনামা যানবাহন একটি রিক্সাকে চাপা দিলে বিপ্লব (২৪) নামে এক রিক্সা চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ডের ইউটার্ন এলাকায়।
ঢাকাগামী একটি যানবাহন রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সা চালক বিপ্লব ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর পর ঘাতক যানবাহনটি দ্রুতগতিতে পালিয়ে যায়। নিহত বিপ্লবের পিতার নাম নূর মোহাম্মদ। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার হিলি থানার হাশেমপুর গ্রামে। সে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকত। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর শেখপাড়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে পিতা-পুত্র নিহত হয়েছে।
শুক্রবার বেলা আড়াইটায় শেখপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে ও নাসির গ্লাস ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (৩২) ও তার ছেলে ২য় শ্রেণীর ছাত্র আলিফ (৮) কে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর শেখপাড়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হয়। এরপর ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে যায়। উত্তেজিত এলাকাবাসী কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে।
