২১ দিন যাবত্ চলনবিল কুয়াশাচ্ছন্ন থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। মাঠঘাটে প্রচণ্ড শীতের কারণে কৃষি শ্রমিকরা কাজ করতে পারছে না। কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে বপনকৃত ভূট্টার শত শত একর জমির চারা ও বোরো বীজ। কৃষক জমি তৈরির কাজ করাতে না পারায় পিছিয়ে যাচ্ছে বোরো ফসল।
জানা যায়, অগ্রাহয়ণ মাসের শেষ সপ্তাহ হতে চলনবিলে ঘনকুয়াশা শুরু হয়। পৌষের ২ সপ্তাহ অতিবাহিত হলেও কুয়াশামুক্ত হবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। মাঝখানে ৩ দিন বিকেলে হালকা রোদ দেখা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত চলনবিলের তাড়াশ, সিংড়া, গুরুদাসপুর, আত্রাই, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার গ্রামগঞ্জ, ক্ষেত-খামার সর্বত্রই কুয়াশায় ঢাকা রয়েছে। তাপমাত্রা হ্রাস পেয়ে সর্বনিম্ন ১১ ডিগ্রি থেকে সর্বোচ্চ ১৬ ডিগ্রির মধ্যে উঠা-নামা করছে।
