ঘর গোছাচ্ছে নাগেশ্বরী আওয়ামী লীগ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০৮
নাগেশ্বরীতে ঘর গোছাচ্ছে আওয়ামী লীগ। দীর্ঘ নয় বছর পরে ৫ জানুয়ারী অনুষ্ঠিত হচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। দলীয় পদ পেতে সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন কাউন্সিলরদের বাড়ি বাড়ি। তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যে ১৩ ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন করেছেন। বাকি নেওয়াশী ইউনিয়ন ও নাগেশ্বরী পৌরসভার কাউন্সিল। তার আগেই দলীয় পদ পেতে প্রার্থীরা বেরিয়ে পড়েছেন। জমে উঠেছে আওয়ামী লীগের দলীয় নির্বাচন। সবগুলো ইউনিয়নে দেখা গেছে তরুণদের জয়গান। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে পুরোনোদের পরাজিত করে নতুনরা জয়লাভ করেছে। এ ধারা অব্যাহত থাকলে উপজেলা পর্যায়ে পুরোনোদের জয়লাভের সম্ভাবনা অত্যন্ত কম। গত উপজেলা পরিষদের নির্বাচনের পরে উপজেলা আওয়ামী লীগের বিভক্তি স্পষ্ট হয়ে উঠে। কারণ, একই দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় তৃণমূল নেতা-কর্মীরা একজন অন্যজনের কাজ করতে গিয়ে নেতাদের বিরাগভাজন হন। তার রেশ এখনো কাটেনি। তথ্যানুযায়ী সভাপতি পদে মোজাম্মেল হক প্রধান, মজিবর রহমান বীরবল, আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক পদে উপজেলা চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগর, মোখলাইলুর রহমান রাইটার প্রধান, মঈনুল ইসলাম লাল, যুগ্ম-সম্পাদক পদে সাংবাদিক লিটন চৌধুরী, কাজী নাজমুল হুদা লাল, আবুল কালাম আজাদ খোকা, মোস্তফা জামান, এস.এম রওশন আলম, গোলাম মওলা, আতিকুর রহমান বাবলু, শহিদুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক পদে নূরুল ইসলাম, তারিনী কান্ত সেন, আব্দুল মোতালেব, আছলাম, শহিদুল ইসলাম বাচ্চু ও আওরঙ্গজেব প্রতিদ্বন্দ্বিতা করছেন।