সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০৯
গোপালপুর আওয়ামী লীগের সম্মেলন গোপালপুর(টাঙ্গাইল) সংবাদদাতা\ এক দশক পর বৃহস্পতিবার গোপালপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আব্দুল জুববার সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক রকিবুল হক ছানা। মেহেরপুরে ছাত্রলীগের কমিটি গঠন মেহেরপুর প্রতিনিধি\ বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রলীগের এক সভায় মাফিজুর রহমান পোলেনকে সভাপতি, ফেরদৌস (শোভন)কে সাধারণ সম্পাদক ও সাইদুর রহমানকে সাংগাঠনিক সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর পৌর শাখার কমিটি গঠন করা হয়। কাহালুতে পুরস্কার বিতরণ কাহালু (বগুড়া) সংবাদদাতা\ বৃহস্পতিবার বগুড়ার কাহালু উচ্চ বিদ্যালয় মাঠে ৪২ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজী ছালেহ মুস্তানজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কাহালু উপজেলা শাখার সভাপতি মেয়র হেলাল উদ্দিন কবিরাজ। মধুখালীর চক্ষু হাসপাতালে বর্ষপূর্তি পালন মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের ১২ বছর পূর্তি উপলক্ষে হাসপাতালের হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালেকা চক্ষু হাসপাতালের প্রধান সার্জন ও পরিচালক ডা. মাহবুব আল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিডিয়া পার্টনার আর এস এম ফরহাদ হোসেন। বরুড়ায় তাফসির মাহফিলে হামলা কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে হামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন আহত হয়েছেন। পুলিশ তপু নামের একজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলে প্রেরণ করেছেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মাহফিলের শেষ দিনে ২৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে জাকের পার্টি ও ত্বরিকত ফেডারেশন সমর্থিত নেতা-কর্মীরা হঠাত্ মাহফিলে আক্রমণ করে স্টেজ ভাংচুরসহ অতিথিদেরকে মারধর করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪ জন আহত হয়। ওই মাহফিলের অতিথি আড্ডা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল সংঘর্ষ থামাতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়। বিশ্বনাথে সাংবাদিকদের কর্মশালা বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ নিউজ নেটওয়ার্কের উদ্যোগে সিলেটে ১২ উপজেলার ২০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ৬ দিনব্যাপী কর্মশালা বুধবার নগরের একটি হোটেল কনফারেন্স হলে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ সদন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির কর্মী সমাবেশ গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জাতীয় পার্টির নির্বাচনোত্তর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো.সাদেকুল ইসলাম প্রধানের আহ্বানে এবং জাতীয় পার্টির নেতা আলতাফ হোসেন বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা এ্যাডভোকেট আব্দুর রউফ আকন্দ, জেলা জাতীয় পার্টির নেতা আব্দুর রাজ্জাক মন্ডল প্রমুখ। হরিণাকুন্ডুতে বই বিতরণ সম্পন্ন হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা \ ১ জানুয়ারিতে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়ার লক্ষ্যে কয়েকদিন ধরে হরিণাকুন্ডুতে ৫৩টি স্কুল ও মাদ্রাসার মধ্যে চলছে বিনামূল্যে বই বিতরণ। গত শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর হরিণাকুন্ডু উপজেলায় ৪১টি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ পর্যন্ত ১০০৯৩৬ কপি এবং ১২টি মাদ্রাসায় ১৮৬৬৮ কপি বই বিতরণ করা হয়েছে। নেত্রকোনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সেমিনার নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার বিজয় মেলা মুক্তমঞ্চে ‘মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠী’ (আদিবাসী) শীর্ষক সেমিনার বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদ্যস্য মোশতাক আহমেদ রুহী। আলোচনা করেন মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার রুহুল আমিন চুন্নু। ভালুকায় বিএনপির মতবিনিময় ভালুকা সংবাদদাতা \ বিভিন্ন গণমাধ্যমে ভালুকায় কর্মরত সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় মতবিনিময় করেছেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপি। পৌর বিএনপি নেতা আতিকউল্যাহ পাঠান ধনুর বাসভবনে মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন আহাম্মেদ। মেলান্দহে অগ্নিদগ্ধে একজনের মৃত্যু মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে অগ্নিদগ্ধ হয়ে আব্দুল জব্বার (৯৭) নামের এক বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। ২৭ ডিসেম্বর রাতে উপজেলার দাগী গ্রামে এ ঘটনাটি ঘটে। রাস্তার পাশে ওই বৃদ্ধ ছোট একটি দোকানঘরে বসতি গড়েন। বটিয়াঘাটায় মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণ ও মুক্তিযোদ্ধাদের খাস জমি কেড়ে নেয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেক্টর কমান্ডার ফোরামের আহবায়ক ক্যাপ্টেন আফজাল হোসেন বলেন, সহকারী কমিশনার (ভূমি) ইবাদত হোসেন মুক্তিযোদ্ধাদের সাথে দুর্ব্যবহারসহ তাদের জমির ডিসিআর কাটা সম্পত্তি অন্য লোকের নিকট লীজ প্রদান করেছেন। নবীনগরে খাল থেকে লাশ উদ্ধার নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট পূর্বপাড়া আজমবাড়ি মোড়ের খাল থেকে শুক্রবার একটি লাশ উদ্ধার করেছে পুলিশ । লাশ উদ্ধারের পর নিহতের পরিবার লাশটি সনাক্ত করে । নিহতের নাম মোঃ মজনু মিয়া (৫৫), পিতা সিদ্দিকুর রহমান ফকির, বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে । পেশায় সে একজন বিস্কুট বেকারি সেলস্ম্যান। আলফাডাঙ্গায় এক ব্যাক্তির কারাদন্ড আলফাডাঙ্গা সংবাদদাতা \ ভ্রাম্যমাণ আদালত আলফাডাঙ্গায় যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদান করেছে। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের ৩ সন্তানের জননী (৩০)কে একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে ফুল মিয়া (৩৫) উত্যক্ত করায় ইউএনও’র কার্যালয়ে লিখিত অভিযোগ করে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউএনও মোহাম্মদ আবুল খায়ের ১ সন্তানের জনক শরিফুলকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বরুড়ায় বিনামূল্যে চক্ষু শিবির কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লা বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ওই চক্ষু শিবিরের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ। রায়পুরায় অবহিত করণ সভা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরায় পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার প্রকল্প কর্তৃক আয়োজিত সৌরশক্তি ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী। বিশ্বনাথে ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদ কমিটি বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা\ সাবেক সংসদ সদস্য, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বুধবার “ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম” পরিষদের ১৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা\ আত্রাই নদীর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সরকার একদিকে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে ধামইরহাট শিমুলতলিতে নদীর উপর নির্মাণাধীন ব্রিজটি হুমকির মুখে পড়েছে। নওগাঁর ধামইরহাট এলাকার আত্রাই নদীর বালুমহালটি চকভরট, রসুলবিল, ভগবানপুর, ছিলিমপুর, পশ্চিম চান্দপুর, চক শিমুলতলি, চকনটিপাড়া, ও উদয়শ্রী মৈজার মোট ১৬০ দশমিক ৪৯ একর আয়তন বিশিষ্ট অত্র এলাকার ব্যবসায়ী বালুমহাল থেকে অবৈধভাবে দীর্ঘদিন যাবত্ বালু উত্তোলন করে অবাধে ব্যবসা চালিয়ে আসছে। পটিয়ায় শীতবস্ত্র বিতরণে কেডিএস গ্রুপ পটিয়া(চট্টগ্রাম) \ পটিয়ার ১০ হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়েছে কেডিএস গ্রুপ । গতকাল শুক্রবার কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান উপজেলার সাইদাইর গ্রামের নিজ বাড়িতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। আয়োজকরা জানান, পটিয়ার ৭ ইউনিয়নের প্রায় ১০ হাজার শীতার্ত মানুষকে কম্বল, সুয়েটারসহ গরম কাপড় বিতরণ করা হয়। এর আগে ভোর থেকেই জিরি, আশিয়া, কাশিয়াইশ, বরলিয়া, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, কোলাগাঁও ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র লোকজন জড়ো হয়।