বাবুল চিশতীসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:৫২

প্রায় ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ইত্তেফাক রিপোর্ট

প্রায় ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার রাজধানীর গুলশান থানায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে গত রবিবার কমিশন এ মামলা দায়েরের জন্য অনুমোদন দেয়।

মামলার অন্য আসামিরা হলেন- মেসার্স রোজবার্গ অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী, পরিচালক দেলোয়ার হোসেন, ফারমার্স ব্যাংকের শেরপুর শাখার সাবেক এক্সিকিউটিভ অফিসার ও শাখা প্রধান উত্তম বড়ুয়া, ফারমার্স ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক এ কে এম শামীম, ফারমার্স ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহসান চৌধুরী ও সিটি সার্ভে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম।

মামলার এজাহারে বলা হয়, আসামিগণ পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অসত্ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ঋণের নামে ব্যাংকিং নিয়ম নীতির তোয়াক্কা না করে, বন্ধকী সম্পত্তির অতি মূল্যায়ন দেখিয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৫৮ কোটি টাকা উত্তোলনপূর্বক আত্মসাত্ করেন। যা সুদাসলে ৬৯ কোটি ৫৮ লাখ টাকা। আসামিরা পরে ওই টাকার অবৈধ প্রকৃতি গোপন করার জন্য ব্যাংকের একাউন্ট থেকে স্থানান্তর, হস্তান্তরপূর্বক লেয়ারিং করে।