কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ৬ গুণ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:২৬
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার বেড়েছে সামান্য। তবে এ বোর্ডে গত তিন বছরের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে ৬ গুণেরও বেশি। এবার জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে, তবে পাসের হারে এগিয়ে ছেলেরা। নামকরা ও সরকারি বিদ্যালয়গুলো ভালো করেছে। চলতি বছরে ৪১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, এ বছর এ শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৮৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ লাখ ৭১ হাজার ৩২৮ জন। পাসের হার ৯১ দশমিক ৮৬ শতাংশ। এ বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৭৭৩ এবং ছাত্রী ১ হাজার ৯৯০ জন। বোর্ডসূত্রে জানা যায়, গত ৩ বছরে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে ৬ গুণেরও বেশি। ২০১০ সালে জিপিএ-৫ অর্জন করেছিল ৬২৪ জন এবং ২০১১ সালে ২ হাজার ৩৯৬ জন। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৬৩ জন। অন্যদিকে ২০১০ সালে পাসের হার ছিল ৭৩ দশমিক ৫৫ শতাংশ, ২০১১ সালে ৯১ দশমিক ২৫ শতাংশ এবং এ বছর ৯১ দশমিক ৮৬ শতাংশ।