সাঘাটা উপজেলায় বাঙ্গালী নদীর ওপর নির্মিত মেলান্দহ সেতুতে ফাটল ধরেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
গাইবান্ধার সাঘাটা, বোনারপাড়া, জুমারবাড়ী-সোনাতলা সড়কে বাঙ্গালী নদীর ওপর সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে মেলান্দহ সেতু নির্মাণ করা হয়। নদীর গতিপথ অনুযায়ী পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। ১৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২৬০ মিটার, অপরটি ৩১ মিটার দৈর্ঘ্য ও ৯.৫০মিটার প্রস্থ এবং ৩৬.৬০ মিটার ওয়েল ও পাইল ফাউন্ডেশন পিসি গার্ডার পাশাপাশি দুটি। সেতুটি সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ঢাকার এক ঠিকাদার নির্মাণ কাজ সম্পন্ন করেন। নির্মিত সেতুটি ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়। সেতুর দ্বিতীয় গার্ডার হতে তৃতীয় গার্ডার পর্যন্ত উপরের ভাগে লম্বালম্বি ফাটল ধরেছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ জানান, ব্রিজে ফাটল ধরেছে। দ্রত মেরামত করা না হলে ভারী যানবাহন চলাচলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, সেতু ফাটল ধরার বিষয়টি আমার জানা ছিল না। তবে দ্রুত তদন্ত করে মেরামত করা হবে।
