রেডমিটে আয়ু কমে!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
এই সুন্দর পৃথিবীতে কে না চায় দীর্ঘায়ু। আর এই দীর্ঘায়ু লাভের জন্য পরিমিত আহার, শৃংখলাময় জীবন, নিয়মানুবর্তিতা, মানসিক শান্তি যেমন প্রয়োজন তেমনি পরিহার করা উচিত কিছু কিছু খাবার। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন রেডমিট বা লাল মাংস মানুষের মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। এই লাল মাংস যদি নিয়মিতভাবে অতিরিক্ত আহার করা হয় তবে এই ঝুঁকি বাড়ে ১৩ ভাগ বেশি। অনেকেই রেডমিটকে বলে থাকেন কিলার ফুড। প্রক্রিয়াজাত খাবার যেমন: হট ডগস, বেকনও ক্ষতিকর। আয়ু বাড়ানোর খাবার হিসাবে বিশেষজ্ঞগণ মাছ, পোল্ট্রি, শস্যকনা, সবজি এবং লো ফ্যাটি ডেয়ারি বা স্বল্প ক্যালরিযুক্ত দুগ্ধজাতদ্রব্য আহারের পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে রেডমিট রক্তে কোলেস্টেরল বাড়ায় এবং করনারি আর্টারি ডিজিজ তৈরিতে সহায়ক। তাই রেডমিট যথাসম্ভব কম আহার করা ভালো। এছাড়া যাদের উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের আধিক্য এবং হূদরোগ অথবা হূদরোগের ঝুঁকি রয়েছে তাদের রেডমিট একেবারেই পরিহার করা ভালো। এছাড়া যারা শরীরের ওজন কমাতে চান এবং পেশীবহুল শরীর তাদেরও রেডমিট পরিহার করা ভালো। পুষ্টিবিদদের মতে, এক সার্ভিং সাইজ রেডমিটে মোট ক্যালরি বা খাদ্য শক্তি থাকে ৩১০। রেডমিটের অন্যান্য উপাদান হচ্ছে মোট ফ্যাট ১৪ গ্রাম, স্যাচুরেটেড ফ্যাট ৫ গ্রাম, পলি আনস্যাচুরেটেড ফ্যাট ও মনোস্যাচুরেটেড ফ্যাট শূন্য গ্রাম, কোলেস্টেরল ২৫ গ্রাম, সোডিয়াম ৯৮০ মিলিগ্রাম, পটাশিয়াম ৫০০ মিলিগ্রাম, টোটাল কার্বোহাইড্রেট ৩৫ গ্রাম, ডায়েট্রি ফাইবার ৫ গ্রাম, সুগার ৩ গ্রাম এবং প্রোটিন ১১ গ্রাম।