তুরস্কের অনুরোধের তীব্র নিন্দা জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২২:২৮
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক বিচারাধীন গোলাম আযমকে মৃত্যুদণ্ড না দেয়ার তুরস্কের রাষ্ট্রপতির অনুরোধের তীব্র নিন্দা করেছে ‘একাত্তরের ঘাতক দালার নির্মূল কমিটি’। গতকাল সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এবং সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ১৯৭১ সালের গণহত্যাকারী, মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার বিঘ্নিত ও বানচাল করার জন্য জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীরা দেশ-বিদেশে যে বহুমাত্রিক অপতত্পরতা চালাচ্ছে তার সর্বশেষ নমুনা হচ্ছে বিচারাধীন গোলাম আযমের মামলার রায় ও শাস্তি সম্পর্কে তুরস্কের আপত্তিকর মন্তব্য। সম্প্রতি তুরস্কের রাষ্ট্রপতি আবদুল্লাহ গুল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে যুদ্ধাপরাধী গোলাম আযমকে মৃতুদণ্ড না দেয়ার যে অনুরোধ জানিয়েছেন তা শুধু কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি বা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত বলে আমরা মনে করি। তুরস্কের রাষ্ট্রপতির অনুরোধে তীব্র ক্ষোভ ব্যক্ত করছি। বিবৃতিতে আরো বলা হয়, তুরস্কের রাষ্ট্রপতির মনে রাখা উচিত, গত শতাব্দীতে বিশ্বের প্রথম গণহত্যার ঘটনা তুরস্ক ঘটিয়েছিল। ১৯১৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত তুরস্ক ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করেছে—অদ্যাবধি যার বিচার হয়নি। গণহত্যায় ক্ষতিগ্রস্ত আর্মেনিয়ার মানুষ প্রায় একশ বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট এর বিচার দাবি করছে। গণহত্যাকারীদের দেশ তুরস্ক অন্য দেশের গণহত্যাকারীদের বিচার ও শাস্তির বিরুদ্ধে কথা বলবে এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বিচারের প্রহসন করে ফাঁসিতে ঝোলানোর রেকর্ড তুরস্কের মতো অন্য কোন দেশের নেই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাব- তুরস্কসহ অন্য যে কোন দেশ যদি আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা বা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে, তা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করুন এবং সকল বাধা কঠোরভাবে মোকাবিলা করে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করুন।