রাজধানীতে দুই বাসের সংঘর্ষে গার্মেন্টস কর্মীসহ নিহত ২

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২২:৩০
রাজধানীর শেরেবাংলা নগরে দুই বাসের মুখোমুখি সংর্ঘষে মহিলা গার্মেন্টস কর্মীসহ দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ে এ ঘটনায় বেশ ক’জন যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন গার্মেন্টস কর্মী আকলিমা হক (৩০) ও বাস হেলপার মোহাম্মদ সেলিম (৪৫)। শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর জানান, সকাল সাতটার হানিফ ও শিকড় পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। শিকর পরিবহনের যাত্রী আকলিমা ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান বাস হেলপার সেলিম। ঘটনার পর বাস দুইটি সংসদ ভবনের উত্তর পাশের অংশে বাঁশকল ভেঙ্গে আইল্যান্ডে উঠে যায়। দুই বাসেরই চালক পলাতক রয়েছে। আকলিমা হকের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর। তার স্বামীর নাম মোহাম্মদ আলমগীর। এ ঘটনায় শেরেবাংলাগর থানার এএসআই বাদী হয়ে মামলা করেছেন।