দেশব্যাপী তীব্র শৈত্য প্রবাহ শুরু হয়েছে। কয়েকদিন আগে দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। শীতের তুলনায় মানুষের প্রস্তুতি কম। বিশেষ করে গরিব মানুষের। শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা এখন ঢাকায় বসে টের পাওয়া যাচ্ছে। বস্তিবাসীর অবস্থা খারাপ। যানবাহন চলাচল, পণ্যদ্রব্য ও পত্রিকা সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে চাষাবাদ, তরিতরকারি আবাদ ইত্যাদি। কোথাও কোথাও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে শীতের তীব্রতায়। অনেকেই ভুগছে সর্দি, কাশি, জ্বর, পেটের পীড়া, আমাশায়, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায়। শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে।
সরকার ও বিরোধীদল, বিভিন্ন এনজিও সংস্থার এখনই এগিয়ে আসা দরকার। এছাড়াও বিত্তবানদের যত্সামান্য ভালোবাসা ও সহানুভূতিই পারে শীতার্ত মানুষের হূদয়ে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে। কারণ মানুষ তো মানুষের জন্য।
সৈয়দ সাইফুল করিম
মিরপুর ১, ঢাকা ১২১৬।
