চকরিয়ায় পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে কৌশলে অফিসে ডেকে নিয়ে সাংবাদিকের উপর হামলা ও ক্যামরাসহ নগদ টাকা লুটের ঘটনায় বৃহস্পতিবার উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলা দায়ের করেছেন আহত সাংবাদিক আবদুল মজিদ। মামলায় আসামি করা হয়েছে উপজেলা সাব রেজিস্ট্রার শাহনেওয়াজ খান, তার ভাড়াটে সহযোগী মিনার মো.সাইফুদ্দিন খালেদ, সোলতান আহমদ, জাহাঙ্গীর আলম, মফজল আহমদ, বজলুর রহমান, বেলাল উদ্দিন, বিকাশ, আনছারী ও সাংবাদিককে ডেকে নেয়া দলিল লেখক সাইফুল আজম মুন্সীসহ ১০জনকে। অভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ আদালত তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চকরিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
২০ ডিসেম্বর সাব রেজিস্ট্রার ও তার সহযোগী দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় জমি রেজিস্ট্রি করার সময় চকরিয়া থানা এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশদল সাব রেজিস্টার অফিসের এলাকা থেকে জমি জালিয়াতচক্রের ৫সদস্যকে গ্রেফতার করেন। থানার ওসির দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন গ্রেফতারের সংবাদ স্থানীয় দৈনিক হিমছড়িসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। মূলত সংবাদ প্রকাশের জের ধরে প্রতিশোধপরায়ণ হয়ে সাব রেজিস্ট্রার ও তার সহযোগীরা কৌশলে অফিসে ডেকে নিয়ে সাংবাদিক আবদুল মজিদের ওপর হামলা করেন।
