ভারতীয় ছিটমহলে কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৪০
নীলফামারীর ডোমার উপজেলার সাথে সংযুক্ত বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহল ২ নম্বর বালাপাড়ার বোতলগঞ্জ নামক স্থানে সড়ক উন্নয়ন ও রিং কালভার্ট নির্মাণের উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসক মোফাজ্জল হক মিয়া শুক্রবার কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ছিটমহলের চেয়ারম্যান আলতাফুর রহমান আলতাফ। বক্তব্য রাখেন নীলফামারীর ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, প্রভাষক বকুল, এ রহমান মুকুল প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন নাহার, ছিটমহলের প্রভাবশালী আবুল কালাম আজাদ, রব্বু, সবু, বাবু প্রমুখ। ভারতীয় ছিটমহল ২ নম্বর বালাপাড়ার ছিটমহল চেয়ারম্যান আলতাফুর রহমান আলতাফ জানান, ভারতের সাথে বাংলাদেশের ছিটমহল বিনিময় এখনও হয়নি। তবে অবহেলিত ছিটমহলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের মাধ্যমে উন্নয়নে ছিটমহলের অভ্যন্তরে গত বছর মেলার আয়োজন করা হয়। মেলায় উপার্জিত অর্থ দিয়ে ছিটমহলের উন্নয়নের কাজ করা হচ্ছে।