১৪ কোটি বছরের প্রাচীন প্রজাতির ২টি সরীসৃপ জাতীয় প্রাণী খুঁজে পেলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান ও বন্যপ্রাণী গবেষক তানিয়া খান। এর বৈজ্ঞানিক নাম চিকিলা ফুলেরি। ফলে এটি প্রমাণিত হলো যে, ১৪ কোটি বছর পূর্বে এ অঞ্চলে প্রাণীর অস্তিত্ব ছিল। গত বৃহস্পতিবার মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের ঝর্ণার পাশে গর্ত খুঁড়ে তারা ১৯ সেন্টিমিটার ও ১৭ সেন্টিমিটার আকারের ২টি প্রাণী খুঁজে পেয়েছেন। এর মধ্যে ১টি প্রাণী ছেড়ে দিয়েছেন এবং অন্যটি গবেষক দল ডিএনএ টেস্টের জন্য ঢাকায় নিয়ে যাবেন। জানা যায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারতীয় গবেষকরা লন্ডনের রয়্যাল সোসাইটি অব জার্নালে এই প্রাণীটির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। তাতে উল্লেখ করা হয়, প্রায় ১৪ কোটি বছর আগে প্রাণীদের আবির্ভাব হয়েছিলো বিশ্বে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণীটির সন্ধান পাওয়ার সময় আরো উপস্থিত ছিলেন বন্যপ্রাণী গবেষক মনির আহমেদ খান, সরীসৃপবিদ রোকেয়া সুলতানা, বন্যপ্রাণী পরিদর্শক মো. সোহেল রানা, বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক ইশরাত জাহান প্রমুখ।
