বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হলে আওয়ামী লীগের কোন খবর থাকবে না। তাই ক্ষমতায় টিকে থাকার জন্য তারা রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
গতকাল শনিবার ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর জাতীয়তবাদী কৃষক দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের নামে বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সরকারের ব্যর্থতা বিরোধী দল হিসাবে জনগণের কাছে তুলে ধরতে বাধা দেয়া হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে কণ্ঠ রোধ করা হচ্ছে। দেশের অর্থনীতির ও আইন-শৃংখলার এখন বেহাল দশা। দুর্নীতিবাজ ও ব্যর্থ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে তিনি দলীয় নেতাকর্মীদের কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
ঝিনাইদহ সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য মসিউর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক এ এম মজিদ, আনোয়ারুল ইসলাম বাদশা প্রমুখ।
