যুক্তরাষ্ট্রে এবার থানায় আসামীর গুলিতে ৩ পুলিশ আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে হামলাকারী। শুক্রবার ফিলাডেলফিয়া শহরের অদূরে গ্লস্টার টাউনশিপে এ ঘটনা ঘটে। স্থানীয় টেলিভিশনগুলোর খবরে বলা হয়, হামলাকারীর আগের প্রেমিকের অভিযোগের ভিত্তিতে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল।-খবর রয়টার্সের।
গ্লস্টারের পুলিশ প্রধান ডব্লিউ হ্যারি আর্ল জানান, হামলাকারী এডিই জোনসকে শুক্রবার ভোরে তার আগের প্রেমিকের বাড়ির সামনে গ্রেফতার করা হয়। থানায় আনার পর যখন নিয়মমাফিক প্রক্রিয়া চালানো হচ্ছিল তখন হঠাত্ করেই সে পুলিশের একটি বন্দুক কেড়ে নিয়ে গুলি ছুঁড়তে শুরু করে। এসময় পুলিশের গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।
গুলিতে আহত এক কর্মকর্তার অস্ত্রোপচার করা হয়। অন্য দুই কর্মকর্তা চিকিত্সার পর হাসপাতাল ত্যাগ করেন। আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি স্থানে গুলিবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে দুই সপ্তাহ আগে কানেকটিকাটের নিউটাউনে একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিবর্ষণে ২০টি শিশুসহ ২৭ জন নিহত হয়। নিউইয়র্কে বড়দিনের একদিন আগে অগ্নিকাণ্ডের ফাঁদ পেতে গুলি করে হত্যা করা হয় দুই স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ কর্মীকে।
