সিলেটে বিমানের সিডিউল বিপর্যয় অব্যাহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
সিলেটে বিমানের ফ্লাইট সিডিউল বিপর্যস্ত হয়ে পড়েছে। আগের দিনের যাত্রী পরের দিন পরিবহন করায় বিড়ম্বনা-দুর্ভোগ আরো বাড়ছে। গত শুক্রবারের বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের গতকাল শনিবার ঢাকায় পৌঁছানো হলেও গতকালের নির্ধারিত ফ্লাইটের ২৭০ জন যাত্রী সিলেটে আটকা পড়েছেন। তীব্র শীতের মধ্যে বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আগত যাত্রীরা বিমানবন্দরে আটকা পড়ে অবর্ণনীয় দুর্ভোগের মুখোমুখি হন। আটকেপড়া যাত্রীদের আজ রবিবার ফ্লাইট দেয়ার আশ্বাস দিয়েছে বিমান কর্তৃপক্ষ। গত প্রায় এক সপ্তাহ ধরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিডিউল বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত যাত্রী ও তাদের আত্মীয়-স্বজনকে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের ইনচার্জের দায়িত্বরত শহিদুল ইসলাম জানিয়েছেন, সকালের দু’টি ফ্লাইটে ৬শ যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে। এখনো আড়াইশ যাত্রী আটকা আছেন সিলেটে। এর আগে গত সোমবারও ফ্লাইট বাতিলের কারণে সিলেটে আটকা পড়েছিলেন ১৪০ জন যাত্রী। এই অবস্থায় সিলেটের বিমানযাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। গত শুক্রবার যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের কয়েকশ যাত্রী বিমানের সিলেট অফিসে গিয়ে বিক্ষোভ করেন।