সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, কেশবপুর ও নান্দাইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ ছয়জন নিহত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রংপুর: রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মহানগরীর মডার্ন মোড় ও জাগীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় এলাকায় ধর্মদাস এলাকার জয়নাল আবেদীনের পুত্র হোটেল শ্রমিক আরিফুল ইসলাম (২৪) রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী মাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে জাগীরহাট এলাকায় গতকাল সকালে রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ-মনাকষা সড়কের দাদনচকে শনিবার ট্রাকের চাপায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম নাজির উদ্দীন। সে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাজলা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঐদিন সকালে নাজির মটরসাইকেলযোগে মনাকষা যাবার পথে দাদনচক মোড়ের কাছে একটি ট্রাক চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। কিশোরগঞ্জ:অষ্টগ্রামে ট্রাকচাপায় রুহুল কুদ্দুস (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আদমপুর-আবদুল্লাহপুর রোডে গাড়ি ভাংচুরসহ গতকাল শনিবার ভোর থেকে সড়ক ও নৌ-পথ অবরোধ করে রাখে। নিহত রুহুল কুদ্দুস অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং আবদুল্লাহপুর মোগাবাড়ি গ্রামের মো. জসিম উদ্দিনের পুত্র। কেশবপুর (যশোর): যশোর সাতক্ষীরা সড়কের আলতাপোল তেইশ মাইল নামকস্থানে ইটবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মোমিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার দুপুরে আলতাপোল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে পাঁপড় বিক্রেতা আব্দুল মোমিন প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে কেশবপুর আসার পথে ইটবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাত্ক্ষণিক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায় শনিবার ট্রাক চাপায় লিটন মিয়া (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল উপজেলার চন্ডীপাশা বারইগ্রাম গ্রামের মৃত আ. খালেকের ছেলে লিটন মিয়াকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক চাপা দিলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।