স্পোর্টস রিপোর্টার
ইংল্যান্ড স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হলো অ্যালেক্স হেলসকে। আসছে মে ও জুন মাসে ইংল্যান্ডের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচেই তাকে আর দেখা যাবে না। এর অর্থ হলো আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ তো বটেই, বিশ্বকাপেও খেলা হচ্ছে না এই ওপেনারের।
গেল সপ্তাহেই ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পান হেলস। যদিও, নটিংহ্যাম্পশায়ারের হয়ে এই মৌসুমটাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি কাউন্টি ক্রিকেটে অংশ নেননি। তবে তার এই ব্যক্তিগত কারণের খোলাসা হয় দু’টিদন আগে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে দ্বিতীয়বারের মতো ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন হেলস। এর জন্য প্রথমে তিন সপ্তাহ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও দু’দিন বাদেই আরো কঠোর হলো ইসিবি।
আপাতত স্কোয়াডের জন্যই তাকে আর বিবেচনা করা হচ্ছে না। ইসিবির ছেলেদের ক্রিকেট পরিচালক অ্যাশলি জাইলস ও নির্বাচক প্যানেলের সিদ্ধান্তেই বাদ পড়েছেন তিনি। এখনো হেলসের বদলির নাম চূড়ান্ত হয়নি। তবে, ভেতরের খবর হলো কপাল খুলছে হ্যাম্পশায়ার অধিনায়ক জেমস ভিন্সের।
ইসিবির সিদ্ধান্তের কথা জানিয়ে অ্যাশলি জাইলস বলেন, ‘আমরা এই সিদ্ধান্তটি নেওয়ার আগে লম্বা সময় ভেবেছি। এটা অবশ্যই কঠিন একটা সিদ্ধান্ত ছিল। তবে, আমরা ইংল্যান্ড দলের পরিবেশটা ভালো রাখতে চাই। আমাদের কাছে সবার আগে দল। এমন কিছু যেন কেউ না করে যাতে করে দলের ভেতরের পরিবেশ নষ্ট না হয়। দলের ভেতরটা যখন পরিষ্কার থাকবে, তখন মাঠেও ইতিবাচক ফলাফল আসবে।’
