হলমার্কের বিরুদ্ধে উদ্ধার করা সরকারি জমি ফের দখল চেষ্টার অভিযোগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২২:৪৪
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে হলমার্ক গ্রুপ কর্তৃক জবরদখলকৃত সরকারি ১০ একর জমি উদ্ধারের পর গত শুক্রবার হলমার্ক গ্রুপ ফের তা দখল-চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন তানভীর মাহমুদের শ্যালক আ. রাজ্জাক। তার বিরুদ্ধে সাভার থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসন হলমার্কের জবরদখলে থাকা ১০ একর সম্পত্তি দখল মুক্ত করে। কিন্তু এর একদিন পরই তা ফেল জবরদখলের চেষ্টা চালায় হলমার্কের এমডি (বর্তমানে কারাগারে) তানভীর মাহমুদের শ্যালক আ. রাজ্জাক এবং তার লোকজন। সংবাদ পেয়ে জবরদখল কাজে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার দুপুরে ওই এলাকা থেকে পুলিশ আ. রাজ্জাককে আটক করে। ওই দিনই সরকারি আদেশ অমান্য করার অপরাধে আ. রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন সাভার থানার এসআই শহিদুল ইসলাম। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গতকাল শনিবার আ. রাজ্জাকের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে রিমান্ড না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।