ঝালকাঠিতে রাজাপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ১০টায় কাগজপত্র ছিনতাই করে নেয়ার পর ফরম পূরণ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে কলেজ কর্তৃপক্ষ রাজাপুর থানায় অভিযোগ দিতে গেলে দুপুর সাড়ে বারোটায় কাগজপত্র ফেরত দেয়া হয়।
রাজাপুর ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে—কর্তৃপক্ষ দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য ছাত্রদের ফরম পূরণ না করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলে উপজেলা ছাত্রলীগ এ সিদ্ধান্তের বিরুদ্ধে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের দাবি জানায়। গত রবিবার থেকে এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে উপজেলা ছাত্রলীগের দ্বন্দ্ব চলে আসছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী ছাত্র জানিয়েছে—গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী প্রিন্স মৃধা এবং সাধারণ সম্পাদক প্রার্থী সুজন গাজীর নেতৃত্বে ছাত্রলীগ কর্মী ও কলেজের কিছু শিক্ষার্থী কলেজে প্রবেশ করে করণিককক্ষ থেকে ফাইলভর্তি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান। পরে ফরম পূরণ বন্ধ হয়ে যায়। রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম বারী খান রাজাপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে নেতা-কর্মীরা দুপুর সাড়ে বারোটায় তার কাছে কাগজপত্র ফিরিয়ে দেন।
এ ব্যাপারে প্রভাষক গোলাম বারী খান জানান—ফরম পূরণের কাগজপত্র তার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। তবে কারা ফেরত দিয়েছেন সে ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।
কলেজ অধ্যক্ষ নুরুল আলম বলেন, ‘কলেজের ফরম পূরণের কাগজপত্র ছিনতাইয়ের পর আবার উদ্ধার হয়েছে, তবে আমি সে সময়ে কলেজে উপস্থিত ছিলাম না।’
উপজেলা ছাত্রলীগ নেতা প্রিন্স মৃধা কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ মোটা অংকের ঘুষের টাকার মাধ্যমে অকৃতকার্যদের ফরম পূরণ করছেন, তাই আমরা সকলের ফরম পূরণের জন্য অনুরোধ জানালে তারা তা প্রত্যাখ্যান করেন।’
