ইতালিয়ান ফ্যাবিও ক্যানাভারো চীনের প্রধান কোচের পদ ছেড়ে দিয়েছেন। এর পরিবর্তে চীনের সুপার লিগের ক্লাব গোয়াংজু এভারগ্রেন্ডে এর কোচ হিসেবেই আরো বেশি মনোযোগী হবেন তিনি। বিশ্বকাপ জয়ী এই সাবেক ফুটবলার উভয় দলেরই দায়িত্বে ছিলেন। চীনের কোচ হিসেবে কেবল দুই ম্যাচে ছিলেন ৪৫ বছর বয়সী ক্যানাভারো; কিন্তু গত মাসে অনুষ্ঠিত চায়না কাপে ওই দুই খেলায় থাইল্যান্ড ও উজবেকিস্তানের কাছেই হারে তার দল। চীন তাকে মার্সেলো লিপ্পির স্থলাভিষিক্ত করেছিল। গেল জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপ থেকে চীনের বিদায়ের প্রেক্ষিতে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান লিপ্পি। ৭০ বছর বয়সী লিপ্পি অবশ্য পরামর্শক হিসেবে রয়ে যান। সাবেক ইতালি অধিনায়ক ২০১৫ সালে বরখাস্ত হওয়ার পর ২০১৭ সালে আবার গোয়াংজুর ক্লাবটির দায়িত্ব নেন।
