সর্বোচ্চ কর প্রদানের জন্য ১০ জন ব্যক্তি শ্রেণির করদাতা ও ১০টি কোম্পানিকে সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০০৯-১০ কর বর্ষে সর্বোচ্চ কর প্রদানের জন্য তারা এই সম্মাননা পাবেন। আজ রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেয়া হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে তাদের হাতে এই সম্মাননা তুলে দেবেন। ট্যাক্স কার্ডপ্রাপ্তরা সিআইপিদের (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব) ন্যায় বিদ্যমান সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এসব সুবিধা হলো সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র, জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেলপথ,সড়কপথ ও নদীপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণ এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সুবিধা, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তাদের স্ত্রী, পুত্র ও কন্যাসহ নিজের চিকিত্সার জন্য সরকারি হাসপাতালে কেবিন প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
সিআইপি কার্ডের জন্য মনোনীত কোম্পানি শ্রেণির ১০টি শীর্ষ প্রতিষ্ঠান হলো শেভরন বাংলাদেশ ব্লক-১২, সিলেট গ্যাস ফিল্ড, সিটি ব্যাংক এন এ, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা), যমুনা ব্যাংক, এ কে খাঁন এন্ড কোম্পানি ও বাপেক্স।
এছাড়া ব্যক্তি শ্রেণির মনোনীত ১০ করদাতা হলেন, মোতাজ্জেরুল ইসলাম, ইকবাল হায়দার চৌধুরী, হাজী মো. কাউছ মিয়া, এম এম আমজাদ হোসেন, মোহাম্মদ ইউসুফ, এম এ হায়দার হোসেন, মো. মোতাহার হোসেন, সালাউদ্দিন কাশেম খাঁন, এ এম জিয়াউদ্দিন খাঁন ও লায়লা হোসেন।
