সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে প্রযুক্তি। দৈনন্দিন জীবনে পড়ালেখার অভ্যাসেও রয়েছে এর প্রভাব। চলতি বছরের শুরুর দিকেই অনলাইন জায়ান্ট অ্যামাজন জানিয়েছিল, যুক্তরাজ্যে ছাপা বই বিক্রির চাইতে তাদের ডিজিটাল বইয়ের বিক্রি হয়েছে বেশি। অর্থাত্, ছাপা বই পড়ার চাইতে এখন মানুষের মধ্যে ডিজিটাল সংস্করণের ই-বুক পড়ার চাহিদা বেড়ে গেছে। একই কথার প্রমাণ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রেও। পিউ রিসার্চ সেন্টার নামক একটি গবেষণা সংস্থার এক গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে। তারা জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে যেখানে ই-বুক পড়ার হার ছিল ১৬ শতাংশ, চলতি বছরের একই সময়ে সেই পরিমাণ বেড়ে হয়েছে ২৩ শতাংশ। শুধু তাই নয়, ১৬ বছর বা তদুর্ধ্ব বয়সী মানুষের মধ্যে এই সময়ের ব্যবধানে ছাপা বই পড়ার হার কমেছে ৭২ শতাংশ থেকে ৬৭ শতাংশে। ই-বুক রিডারের পাশাপাশি ট্যাবলেট পিসির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে ই-বুক পড়ার হার বেড়ে গেছে বলে জানিয়েছে পিউ রিসার্চ। উচ্চশিক্ষা এবং গবেষণার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেও ই-বুক পড়ার প্রবণতা বাড়ছে বলেই জানিয়েছে তারা।
