সবচেয়ে বিরক্তিকর শব্দ ‘হোয়াটএভার’!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২০:৫০
প্রতিটি ভাষার কিছু শব্দের মাঝে যেমন অন্য রকম একটা শ্রুতিমাধুর্য্য থাকে তেমনি কোনো কোনো শব্দ আবার ঠাঁই করে নেয় মানুষের অপছন্দের তালিকায়। মূলত অতি ব্যবহার বা অপব্যবহারের কারণে কোনো কোনো শব্দের প্রতি সময় ভেদে মানুষের এই বিরক্তি দেখা দেয়। মজার বিষয় হলো এমনিতে সবার কথায় কথায় এ ধরনের শব্দগুলো উঠে এলেও ইংরেজি ভাষার ক্ষেত্রে এ ধরনের শব্দগুলো খুঁজে বের করার জন্য গেল কয়েক বছর ধরেই রীতিমতো জরিপ চালিয়ে আসছে ম্যারিস্ট নামের একটি প্রতিষ্ঠানের জরিপে। মূলত আমেরিকার ইংরেজি ভাষাভাষীদের উপর এই নিয়ে চতূর্থবারের মতো পরিচালিত এই জরিপে দেখা যায়, মার্কিনিদের কাছে গেল চার বছর ধরেই সবচেয়ে অপছন্দের শব্দটি হলো ‘হোয়াটএভার’। প্রতি দশজনের তিন জন আর শতকরা হিসেবে প্রায় ৩২ শতাংশ লোকই ভালোবাসেন না এই শব্দটিকে। মানুষের অপছন্দের তালিকায় এই শব্দটির পরেই রয়েছে ‘লাইক’ শব্দটি। অর্থগত দিক থেকে ভালোলাগা বা পছন্দের কথা বললেও আদতে এই শব্দটিকেই অপছন্দ করেন ২১ ভাগ লোক। অন্যদিকে ‘ইউ নো’ শব্দটিকে বিরক্তিকর বলে মনে করেন ১৭ শতাংশ লোক। আর দশ শতাংশ মানুষ চান ‘জাস্ট সেয়িং’ এই শব্দটিকে নিষিদ্ধ করতে। একইভাবে মানুষের মনে বিরক্তি তৈরি করে বা মানুষ পছন্দ করে না এমন শব্দের তালিকায় এ বছর রয়েছে ‘টুইটারভার্স’ (৯ শতাংশ মানুষের অপছন্দ) এবং ‘গচা’ (৫ শতাংশ মানুষের অপছন্দ)। এদিকে সবচেয়ে বিরক্তিকর শব্দ হিসেবে ধারাবাহিকতা বজায় রাখলেও ‘হোয়াটএভার’ শব্দটির প্রতি মানুষের বিরক্তি তুলনামূলক কিছুটা কমেছে। কারণ গত বছর যেখানে ৩৮ শতাংশ লোকের কাছে সবচেয়ে বিরক্তিকর শব্দ ছিল হোয়াটএভার এ বছর সেখানে তা কমে দাঁড়িয়েছে ৩২ শতাংশে। এ ছাড়া গত বছর লাইক শব্দটিকে অপছন্দ করেছিলেন ২০ ভাগ লোক, ইউ নো শব্দটিকে ১৯ ভাগ লোক এবং জাস্ট সেয়িংকে ১১ শতাংশ লোক। গতবারের এই তালিকার সাথে এবারের তালিকার বেশ অনেকটা মিল থাকলেও গেল বছরের আরেক বিরক্তিকর শব্দ ‘সিরিয়াসলি’ এবারের জরিপে উল্লে¬খযোগ্য কোনো স্থান পায়নি। যদিও অপছন্দের তালিকায় থাকা অন্যান্য শব্দের মতো মার্কিনিদের সাথে কথোপকথনে এই শব্দটিকেও যে অনেকে এড়িয়ে চলতে চাইবেন, তা তো বলাই বাহুল্য।