মতলবে স্যারের অপেক্ষায় সরকারি কম্বল!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১২
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত কয়েকদিনের হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জানা যায়, বুধবার উপজেলার পিআইও অফিসে ৩৬২টি কম্বল এসে পৌঁছলেও তা এখনো সংরক্ষিত অবস্থায় আছে। যার মধ্যে কিছু কম্বল আগামী ১ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান প্রধান অতিথি থেকে উপজেলা পরিষদে বিতরণ করবেন। আর বেশিরভাগ কম্বল সংরক্ষিত থাকবে স্থানীয় সংসদ সদস্যের হাতে বিতরণের অপেক্ষায়। যিনি বর্তমানে ব্যক্তিগত কাজে বিদেশে অবস্থান করছেন। এ ব্যাপারে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, গত বুধবার ৩৬২টি কম্বল আমাদের উপজেলায় এসে পৌঁঁছেছে। এর মধ্যে আমি ১০টি কম্বল স্থানীয় একটি এতিমখানায় দিয়েছি। বাকি কম্বল আমাদের এমপি স্যার ও উপজেলা চেয়ারম্যান স্যার এসে বিতরণ করবেন।