কিশোরগঞ্জে জাসাসের মুক্তিযোদ্ধা সংবর্ধনা হয়নি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১৩
একই স্থানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সমাবেশ আহ্বান করায় জেলা প্রশাসন গতকাল রবিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শহরের রথখোলা ময়দান ও এর আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। জাসাস-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে রবিবার বিকাল ৩টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে বলে শহরে পোস্টারিং ও মাইকিং করা হয়। এদিকে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড একই দিন একই সময়ে দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ আয়োজনের জন্য জেলা প্রশাসকের নিকট অনুমতি প্রার্থনা করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষ থেকে রবিবার দুপুরে শহরে একটি বিক্ষোভ মিছিল এবং পরে জেলা ইউনিট কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমান্ডার মো. আসাদউল্লাহ। এদিকে ১৪৪ ধারার কারণে জাসাসের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়নি।