রিয়ালের দশম হার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:১২

ক্ষুব্ধ জিদান

 স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ লা লিগায় নিজেদের ৩৫তম ম্যাচে পয়েন্ট টেবিলের সর্বনিম্ন দল রায়ো ভায়েকানোর কাছে হেরেছে। চলতি মৌসুমে এটি তাদের দশম হার। গত রবিবার রাতের এই হার কোচ জিনেদিন জিদানকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তুলেছে।

জিনেদিন জিদান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, খেলাটিতে কোনো প্রকার নিবেদনই ছিল না তার দলের। ২০০৪ সালের পর প্রথম বারের মতো অবনমন অঞ্চলের কোনো দলের কাছে হারে রিয়াল। রায়োর কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় ম্যাচে জয়বঞ্চিত রইলো জিদানের দল।

ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা রিয়ালের শেষ আট গোলের সবকটিই করেছিলেন। ইনজুরির কারণে রায়োর বিপক্ষে ম্যাচটির শুরুর একাদশে এই ফরোয়ার্ডকে রাখেননি কোচ জিদান। যারই ফলশ্রুতিতে হয়তো ২৩ মিনিটে প্রতিপক্ষ ফরোয়ার্ড আদ্রি এম্বারবার পেনাল্টি থেকে করা গোলটির কোনো জবাব দিতে পারেনি রিয়াল।  এবারের লা লিগায় এটি দশম হার হলেও এক মৌসুমে সর্বোচ্চ পরাজয়ের রেকর্ড নয় এটি। ১৯৭৩-৭৪ মৌসুমে ১৩টি ম্যাচে হেরেছিলো তারা। লা লিগার বর্তমান কাঠামোয় অবশ্য রিয়ালের সর্বোচ্চ হারের রেকর্ড ১২ ম্যাচের। হতাশার এই মৌসুমে আরো তিন ম্যাচ বাকি দলটির, তাই লজ্জার এই রেকর্ড থেকে ততটা নিরাপদ দূরত্বেও নেই সার্জিও রামোসরা।   কোচ জিদান খেলা শেষে দলের পারফর্মেন্সে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, ‘আমরা কিছুই করিনি। কোনো পর্যায়েই না। কখনো কখনো আপনি গোল করতে ব্যর্থ হবেন; কিন্তু এই ম্যাচে আমরা কিছুই করিনি।’ দলের বাজে পারফর্মেন্সের দায় নিজ কাঁধেই নিয়ে জিদান বলেন, ‘আমি রাগান্বিত কেননা এটা দেখতে খুবই কুিসত এবং এর দায় আমার।’