কুমিল্লায় যাত্রীর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
গত ২৯ ডিসেম্বর কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়। এ উপলক্ষে শিক্ষা, সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য তিন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় এবং ওস্তাদ কুলেন্দু দাস স্মারকগ্রস্থ, ওস্তাদ কুলেন্দু দাসের গানের সিডি ‘ঐতিহ্য’ ও প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়েছিলো ওস্তাদ কুলেন্দু দাস রচিত ও সুরারোপিত গান এবং তার নৃত্যরূপের পরিবেশন দিয়ে। গুণীজন সম্মাননা স্মারক গ্রহণ করেন শিক্ষায়-অধ্যাপক আমীর আলী চৌধুরী, নাট্যকলায়-মঞ্জু চক্রবর্তী এবং নৃত্যকলায়-কমলেন্দু দাস। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটিকে প্রয়াত ওস্তাদ কুলেন্দু দাস-এর নামে উত্সর্গ করা হয়। আলোচনা সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ উত্তম কুমার ঘোষ। সংগটনের সভাপতি সফিকুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর প্রাক্তন মোবারক হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আলী তাহের মজুমদার, কবি ও গীতিকার কে.জি মোস্তফা, কবি আসাদ চৌধুরী, বাংলাদেশ সঙ্গীত পরিষদের মহাসচিব ফেরদৌস হোসেন ভূঁইয়া এবং প্রকৌ. কল্যাণ দাস। বক্তারা সুস্থধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে কুমিল্লার হূত গৌরবকে পুনরুদ্ধারের জন্য সকল সাংস্কৃতিক সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি