দুর্গম পাহাড়ে প্রসূতির প্রাণ বাঁচালো সেনাবাহিনী

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২২:১২

চট্টগ্রাম অফিস

দুর্গম পাহাড়ে আরো এক প্রসূতি নারীর প্রাণ রক্ষা করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাঙ্গামাটির প্রত্যন্ত এলাকা হতে জতনি তঞ্চঙ্গ্যা নামে এক নারীকে বিমান বাহিনীর হেলিকপ্টারের সহায়তায় চট্টগ্রাম সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। প্রসূতি নারীটি রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলার বগাখালী গ্রামের ঈশ্বরচন্দ্র তঞ্চঙ্গ্যার স্ত্রী বলে জানা গেছে।

সেনা সূত্র জানায়, জতনি ত্রিপুরা গত চারদিন ধরে প্রসব বেদনায় কাতর ছিলেন। কিন্তু তার এলাকাটি অত্যন্ত দুর্গম। সেখানকার যোগাযোগ ও চিকিত্সা ব্যবস্থা ভাল না হওয়ায় তাকে সঠিক চিকিত্সা দেয়া সম্ভব ছিল না। গতকাল তাকে নিকটস্থ বগাখালী বিওপিতে নিয়ে আসা হলে মানবিক বিবেচনায় তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও সুচিকিত্সার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার ব্যাপারে চিকিত্সকরা আশাবাদ ব্যক্ত করেছেন।